
রাজিউল হাসান পলাশ: নিরাপদ মাছের উৎপাদন বাড়াতে দেশের জনগণকে আরও সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩। চলবে ৩০ জুলাই পর্যন্ত। এ বছর জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’।
উক্ত কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় ঢাকা জেলার ধামরাই উপজেলায় আজ (২৫ জুলাই) সকাল ১১টায় উপজেলা চত্বরে র্যালি অনুষ্ঠিত হয়েছে। ধামরাই উপজেলা পরিষদের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় উপজেলায় এসে র্যালিটি শেষ হয়। র্যালি শেষে ধামরাই উপজেলা পুকুরে মাছেরপোনা অবমুক্ত করেন, ধামরাই উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী।
মাছের পোনা অবমুক্তকরণের পর ধামরাই উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, ‘মাছ শুধু আমরা নিজেরাই খাবো না, বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে হবে। মাছ চাষের মাধ্যমে বেকারত্ব দূর হবে এবং উদ্যোক্তা তৈরি হবে। বিদেশে মাছ রপ্তানি করতে পারলে আমরা ডলার আয় করতে পারবো যা দেশের অর্থনীতিকে সচল রাখতে সহায়তা করবে। আমরা চাইব যে যেখানে আছেন পুরোনো পুকুর, খাল, নদী-নালা, বাওর, বিল সব জায়গায় মাছের চাষ করবেন।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ধামরাই নাজনীন নাহার বলেন, মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য অধিদপ্তর বিভিন্ন প্রচারণা করছে। আজকে আমাদের র্যালি অনুষ্ঠিত হলো। বিপুল সংখ্যক কর্মকর্তা, সুবিধাভোগী র্যালিতে উপস্থিত ছিলেন। নিরাপদ মাছ সবার কাছে পৌঁছে দিতে ও নিরাপদ অবস্থানটাকে নিশ্চিত করতে আমরা বিভিন্ন কর্মসূচি নিয়েছি। যারা মৎস্য খাতের অবদান রেখেছে তাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সনদ প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট সোহানা জেসমিন মুক্তা ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার দাস, সমাজসেবা কর্মকর্তা এস.এম.হাসান, মৎস খামারী সরব আহমেদ লালনসহ উপজেলার বিভিন্ন খামারী ও সরকারি কর্মকর্তাবৃন্দ।
