বিকেল গড়াতেই ঢাকার অদূরে সাভারের শতবর্ষী অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠের দিকে দলে দলে মানুষ ছুটছে। খেলা শুরুর আগেই কাণায় কাণায় পূর্ণ মাঠ ও এর আশপাশের ভবনের ছাদগুলো। খেলা দেখতে দূর-দূরান্ত থেকে আসে শত শত দর্শক। ম্যাচটি ঘিরে যেন এক উৎসবের আমেজ তৈরি হয়।
শুক্রবার (২১ জুলাই) বিকেলে সাভারের ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশনের আয়োজনে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম শফিক ফুটবল একাডেমির মধ্যে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
জমজমাট প্রীতি ফুটবল ম্যাচে আনন্দে মাতে দর্শক। অনেক দর্শক আশপাশের বহুতল ভবনের ছাদে বসেই খেলা উপভোগ করে। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের ফুটবল খেলা উপভোগ করতেই মানুষের এমন উৎসাহ দেখা গেছে।
খেলায় প্রথমার্ধের বিরতির পর দ্বিতীয়র্ধের শুরুতেই ব্যারিস্টার সুমনের দল ১ গোলে এগিয়ে থাকলেও খেলা শেষের দুই মিনিট আগে সাভারের শফিক ফুটবল একাডেমি গোল দিয়ে খেলায় সমতা আনেন। এরপর কোনো দল আর গোল করতে না পারায় খেলাটি ১-১ গোলে ড্র হয়। তবে অতিথি দল হিসেবে বিশেষ সম্মানার্থে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমিকে জয়ী ঘোষণা করেন আয়োজকরা।
ধামরাই থেকে আসা দর্শক রাকিব হোসেন জানান, খেলা দেখার জন্য ১৫ কিলোমিটার দূরে থেকে এসেছেন তিনি। অনেক দিন পর এমন প্রাণবন্ত একটি ফুটবল ম্যাচ উপভোগ করতে পেরে খুব খুশি।
আশুলিয়া থেকে আসা ক্রীড়াপ্রেমী হাজী মোশারফ খান বলেন, ‘এই খেলা আয়োজন করায় সাভারের মাঠে প্রাণ ফিরে পেয়েছে। আসলে এখান আর আগের মতো তেমন খেলাধুলা হয় না। আজকের এত দর্শকের ভীড় দেখতে পেয়ে সত্যিই আনন্দে মনটা ভরে গিয়েছে। আগামীকাল বিকেলে আমাদের আশুলিয়ার দোসাইদ অধন্য কুমার স্কুল এন্ড কলেজ মাঠে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম মোশাররফ খান ফুটবল একাডেমির মধ্যে আরেকটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে আশাকরি সেখানেও দর্শকদের এমন উপস্থিত দেখতে পাব। সবাইকে আমন্ত্রণ রইলো খেলা দেখার জন্য।’
ব্যারিস্টার সুমন বলেন, ‘সাভারে এসে আমি অভিভূত। আমি আপনাদের হারাতে আসিনি। আমাদের এলাকার মানুষ মনে করে সাভারের মানুষ অনেক ধনী ও তাদের মন অনেক বড়। তাই আমি আজ এই খেলার মধ্য দিয়ে আপনাদের ধনী সাভারের সাথে আত্মীয়তা করতে এসেছি। আপনাদের এখানে হারা বা জেতার চেয়ে আপনাদের সাভারকে সাথে নিয়ে বাংলাদেশের ফুটবলটা যে নষ্ট হয়ে আইসিইউতে আছে এখান থেকে বের করে সুস্থ বানাতে চাই। আপনারা আমাদের সহযোগিতা করবেন। সাভারের মানুষকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলায় সোনার ফুটবলার উপহার দিতে এসেছি। আমরা খেলে যাওয়ার পরেও এখানে যেন খেলা চলে, মাঠের যেন ভাল ব্যবস্থা হয় এখানকার জনপ্রতিনিধিরা তা দেখবেন। মাদক থেকে দেশকে মুক্ত করার এর থেকে ভালো উপায় আর নেই।’
প্রীতি ফুটবল ম্যাচে ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তেঁতুলঝোড়া ইউপি চেয়ারম্যান ফখরুল আলম সমরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, ঢাকা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আশরাফ উদ্দিন মাসুদ চৌধুরী, ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস ও ট্রাফিক উত্তর) আব্দুল্লাহিল কাফী ও সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা প্রমূখ।
