
রাজিউল হাসান পলাশ: ঢাকার ধামরাইয়ে ঢাকা-মহাসড়কের পাশে ভূট্টা ক্ষেত থেকে ৩০ বছর বয়সী এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।
সোমবার (০৯ জানুয়ারি) বিকেলে মহাসড়কের কেলিয়া ব্রিজ সংলগ্ন রাস্তার উত্তর পাশে ভূট্টা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নারীর নাম-পরিচয় জানতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) খবর দেওয়া হয়েছে বলে জানা গেছে৷
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) শিমুল মোল্লা বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরের আঘাতের চিহ্ন এখন পর্যন্ত না দেখা গেলেও কানের কিছু অংশ কাটা দেখা গেছে। এছাড়া তার পরিচয় সনাক্তের জন্য পিবিআইকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে পরিচয় জানা যেতে পারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে মেরে এখানে ফেলে রেখে যাওয়া হয়েছে। নিহত নারীর গলায় উড়না পেচানো ছিলো।
