• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ডাস্টবিনে পড়েছিল ফুটফুটে নবজাতক

আগস্ট 3, 2022

রাজিউল হাসান পলাশ: ঢাকার সাভারে ডাস্টবিনে ফেলে রেখে যাওয়া ফুটফুটে এক নবজাতক শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে এলাকাবাসী। হাসপাতালে চিকিৎসাধীন নবজাতকটি সুস্থ আছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার রাত ১২টার দিকে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইউনুস আলী নবজাতকটির সুস্থতার বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে রাত ৮টার দিকে আশুলিয়ার ঘোষবাগ পূর্বপাড়া সোনিয়া গেট এলাকার রিপন সিকদারের বাড়ির পাশে ডাস্টবিন থেকে নবজাতকটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী স্থানীয় নূর মোহাম্মদ বলেন, সোনিয়া গেট এলাকায় আমার চাচা রিপন সিকদারের বাসা। আজ রাত ৮টার দিকে তার বাসার পাশে ডাস্টবিন থেকে বাচ্চার কান্নার আওয়াজ পায় অনেকে। পরে ডাস্টবিনে গিয়ে ফুটফুটে একটা ছেলে বাচ্চাকে পড়ে থাকতে দেখা যায়। কে বা কারা বাচ্চাটিকে ওখানে ফেলে রেখে পালিয়ে গেছে। পরে আমরা বাচ্চাটাকে উদ্ধার করে আশুলিয়ার নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি করি। পরে থানার ডিউটি অফিসারকে বিষয়টি ফোন করে জানালে তারা বাচ্চাটাকে হাসপাতালেই খেয়াল রাখতে বলেন।

তিনি আরও বলেন, ‘বাচ্চাটার বয়স সম্ভবত এক অথবা দুই দিন। অনেক ফুটফুটে চেহারার বাচ্চাটা এখন সুস্থ আছে। আমাদের এলাকার অনেকেই বাচ্চাটাকে দত্তক নিতে চাচ্ছে।’

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইউনুস আলী বলেন, ডাস্টবিন থেকে উদ্ধার হওয়া নবজাতকটি হাসপাতালে চিকিৎসাধীন। আমি হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সাথে কথা বলেছি। বাচ্চাটা সুস্থ আছে বলে তারা জানিয়েছে। কে বা কারা সুযোগ বুঝে বাচ্চাটি ডাস্টবিনে ফেলে রেখে গেছে সে বিষয়ে তদন্ত চলছে।

নবজাতকটি দত্তক নেয়ার বিষয়ে তিনি বলেন, এখন বাচ্চাটার চিকিৎসা চলছে। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত এসব বিষয়ে সিদ্ধান্ত নেয়া সম্ভব না। সুস্থ হলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তা করা যাবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments