
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, সালথা থানার অফিসার ইনচার্জ মো. বাবলুর রহমান খান, নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শাহিনুল ইসলাম, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এ সময় আসন্ন সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
২৯ ডিসেম্বর ২০২৫
