
মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধিঃ
(আলফাডাঙ্গা-বোয়ালমারী-মধুখালী) আসনের আওয়ামী লীগের সাবেক এমপি, ফরিদপুরের প্রবীন শিক্ষাবিদ, সরকারি ইয়াছিন কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর দেলোয়ার হোসেন এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ফরিদপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী সিরাজুল ইসলাম।
বার্ধক্য জনিত কারনে ফরিদপুর শহরের নীলটুলীস্থ নিজবাসভবনে শুক্রবার বেলা ২টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। তার কনিষ্ট পুত্র সরকারী রাজেন্দ্র কলেজের সাবেক ভিপি ও সাবেক ছাত্রলীগ নেতা তৌফিক হোসেন পুচ্চি জানান, শুক্রবার বাদ এশা শহরের চৌরঙ্গি মোড়স্থ অম্বিকা ময়দানে নামাজে জানাজা শেষে তাকে আলীপুর গোরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ৩ মেয়েসহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
দেলোয়ার হোসেনের মৃত্যুতে ফরিদপুর শহরজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। কাজী সিরাজুল ইসলাম মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
