• শনি. মে ২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

বেপরোয়া ট্রাকের ধাক্কা, গুজবের জেরে গণপিটুনি: নগরকান্দায় চালক নিহত

মে 2, 2026

মনির মোল্যা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের নগরকান্দায় বেপরোয়া গতিতে ট্রাক চালিয়ে একাধিক পথচারীকে ধাক্কা দেওয়ার ঘটনায় উত্তেজিত জনতার গণপিটুনিতে মো. হান্নান শেখ (৪৫) নামে এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুই হেলপার গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১ মে) রাত ৯টার দিকে উপজেলার তালমা ইউনিয়নের বিলনালিয়া নতুন হাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সালথা বাজার থেকে রসুলপুর হয়ে সরু সড়ক দিয়ে একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১২৭৩৩২) বেপরোয়া গতিতে ফরিদপুরের দিকে যাচ্ছিল। পথে গট্টি, রসুলপুরসহ আশপাশের এলাকায় ট্রাকটি একাধিক পথচারীকে ধাক্কা দেয়। এতে অন্তত সাতজন আহত হন বলে জানা গেছে, যদিও তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনার পর স্থানীয়রা মোটরসাইকেলযোগে ট্রাকটিকে ধাওয়া করেন। ধাওয়া খেয়ে ট্রাকটি নগরকান্দার বিলনালিয়া নতুন হাটখোলা এলাকায় একটি দোকানে গিয়ে ধাক্কা দেয়। এরপর উত্তেজিত জনতা চালক ও দুই হেলপারকে ট্রাক থেকে নামিয়ে মারধর শুরু করে এবং ট্রাকটিতে ভাঙচুর চালায়।

আহতদের মধ্যে চালক হান্নান শেখ, হেলপার নাঈম মোল্যা (২২) ও আল আমিন (২৫) গুরুতর জখম হন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চালক হান্নানকে মৃত ঘোষণা করেন। আহত দুই হেলপার বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত হান্নান শেখ বোয়ালমারী উপজেলার সাতৈর গ্রামের বাসিন্দা এবং মো. শহিদ শেখের ছেলে। পারিবারিক সূত্র জানায়, কয়েক দিন আগে তার স্ত্রী মারা গেছেন। তাদের তিন বছর বয়সী একটি সন্তান রয়েছে।

স্থানীয়দের একাংশের দাবি, ট্রাকের ধাক্কায় একাধিক ব্যক্তি আহত হওয়ায় জনরোষ সৃষ্টি হয়। তবে অন্যদের অভিযোগ, সামান্য দুর্ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে “২০ জনকে চাপা দিয়ে হত্যা”র গুজব ছড়িয়ে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং গণপিটুনির ঘটনা ঘটে।

তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া বলেন, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। এর আগেই জনতা তিনজনকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে পুলিশ এসে তাদের হাসপাতালে পাঠায়, সেখানে চালক মারা যান।”
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানি আজাদ জানান, ট্রাকের ধাক্কায় অন্তত সাতজন আহত হয়েছেন। পরে জনতা চালক ও হেলপারদের মারধর করে।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং ঘটনার তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তারিখ: ২ মে ২০২৬

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments