
কুমিল্লা প্রতিনিধি:কুমিল্লায় কয়লার ট্রাক উল্টে ১৩ ঘুমন্ত শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৫ জন। শুক্রবার ভোরে জেলার চৌদ্দগ্রাম উপজেলার গোলপাশা ইউনিয়নের নারায়নপুর এলাকায় কাজী এন্ড কোং ব্রিক ফিল্ডের পাশে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ।
স্থানীয়দের উদ্বৃতি দিয়ে ওসি আরও জানান, ভোর সাড়ে ৫টায় ব্রিক ফিল্ডের জন্য আনা একটি ট্রাক থেকে কয়লা আনলোড করার সময় হঠাৎ তা উল্টে গিয়ে ব্রিক ফিল্ডের লেবার শেডের ঘুমন্ত শ্রমিকদের উপর পড়ে। এতে সেখানে চাপা পড়ে ঘটনাস্থলেই ১২ শ্রমিকের মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন,ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌছে উদ্ধার অভিযান শুরু করে। এ সময় মারাত্মক আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়।
