
মনির মোল্যা, সালথা (ফরিদপু) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের ভাওয়াল গ্রামের ঐতিহ্যবাহী খান পরিবারের সন্তান মোহাঃ হুমায়ুন খান আওয়ামী লীগের কর্মী হিসেবে মানুষের সেবা করতে চান। তিনি ১৯৬০ ইং সালে জন্মগ্রহন করেন। তার পিতা মৃত মাষ্টার আঃ আলিম খান, মাতা খন্দকার রিজিয়া খান ও আওয়ামী লীগ নেতা মরহুম হেমায়েত খানের বড় ভাই। তিনি জয়ঝাপ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও রাজশাহী ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। এরপর রেলওয়েতে দীর্ঘদিন সুনামের সাথে চাকুরি করেন। বর্তমানে অবসরে থাকায় তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় থাকার জন্য আগ্রহ প্রকাশ করেছেন।

হুমায়ুন খান এ প্রতিনিধির সাথে একান্ত সাক্ষাৎকারে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার কনিষ্টপুত্র, বিশিষ্ট রাজনীতিবিদ, কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরীর হাতধরে আমার ছোট ভাই মরহুম আলমগীর খান ও মরহুম হেমায়েত খান রাজনীতি করেছেন। তাদের অবর্তমানে আমিও সাজেদা আপা ও লাবু মামার সাথে আওয়ামী লীগের রাজনীতি করতে চাই। চাকুরি করা অবস্থায় শ্রমিকলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলাম। এখন সালথা উপজেলার সকল নেতাকর্মীর সাথে মিলে মিশে এক সাথে কাজ করতে চাই।
