• শুক্র. নভে. ২০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

গান্ধী আশ্রম ট্রাস্ট পরিদর্শনে আইন সচিব, উন্নয়নে সরকারি সহায়তার আশ্বাস

নভে. 20, 2026

মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগে গান্ধী আশ্রম ট্রাস্ট পরিদর্শন করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লা। ট্রাস্টের বিভিন্ন উন্নয়নমূলক ও সেবামূলক কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে ট্রাস্টের উন্নয়নে সরকার পর্যায়ক্রমে বিভিন্ন পদক্ষেপ নেবে বলে আশ্বাস দেন।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টায় গান্ধী আশ্রম ট্রাস্টের জয়াগস্থ প্রধান কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন। সভায় সভাপতিত্ব করেন সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল।

সভায় বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলার জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহিন উদ্দিন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. ফরিদ আলম এবং সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আরিফুল করিম দোলন। শুভেচ্ছা বক্তব্য দেন ট্রাস্টের সচিব রাহা নব কুমার।

মুক্ত আলোচনায় ট্রাস্টের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন সহকারী পরিচালক অসীম কুমার বকসীসহ স্থানীয় জনপ্রতিনিধি, নারী নেত্রী, শিক্ষক ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। বক্তারা ট্রাস্টের শান্তি ও সম্প্রীতি প্রচার, মানবাধিকার, সুশাসন, শিক্ষা, চিকিৎসা সহায়তা, কৃষি, মৎস্য, বনায়ন, ক্ষুদ্র ও কুটিরশিল্প, আইনগত সহায়তা, প্রশিক্ষণ এবং আয়বর্ধক কর্মসূচিসহ বিভিন্ন সেবামূলক উদ্যোগের কথা তুলে ধরেন।
এ সময় গান্ধী আশ্রম ট্রাস্টের কার্যক্রম আরও সম্প্রসারণ ও টেকসই উন্নয়নের জন্য সরকারি আর্থিক বরাদ্দ এবং অনুদান বাড়ানোর দাবি জানান বক্তারা।

প্রধান অতিথি ট্রাস্টের সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে অবগত হয়ে সন্তোষ প্রকাশ করেন এবং এর উন্নয়নে সরকারের পক্ষ থেকে পর্যায়ক্রমে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা গান্ধী মেমোরিয়াল ইনস্টিটিউট, গান্ধী মেমোরিয়াল মিউজিয়াম, ক্ষুদ্র ও কুটিরশিল্প, মৎস্য, কৃষি, বনায়ন ও পরিবেশ উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন।

উল্লেখ্য, আইন সচিব লিয়াকত আলী মোল্লা গত ১৯ নভেম্বর গান্ধী আশ্রম ট্রাস্ট পরিদর্শনে আসেন। এ সময় তাঁর সহধর্মিণী সফরসঙ্গী ছিলেন। তিনি ট্রাস্টের নিজস্ব অতিথিশালায় রাতযাপন করেন।

২০ নভেম্বর ২০২৬

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.