• সোম. জুন ২২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

নাশকতা প্রতিরোধে সালথা থানা পুলিশের ব্যতিক্রমী মহড়া

জুন 22, 2026


মনির মোল্যা,সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য নাশকতা প্রতিরোধে ব্যতিক্রমী মহড়া পরিচালনা করেছে সালথা থানা পুলিশ। থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খানের নেতৃত্বে এ মহড়ায় অংশ নেন থানার ৩০-৩৫ জন পুলিশ সদস্য।

সোমবার (২২ জুন) সন্ধ্যা ৭টার দিকে সালথা উপজেলা সদর বাজারসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় এ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ার মাধ্যমে জনসাধারণের মধ্যে নিরাপত্তাবোধ জোরদার এবং যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করার প্রস্তুতির বার্তা দেওয়া হয়।

এ সময় সালথা থানার ওসি (তদন্ত) ইন্দ্রজিৎ মল্লিকসহ থানার অন্যান্য পুলিশ সদস্য এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মহড়া শেষে ওসি বাবলুর রহমান খান বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কোনো নিষিদ্ধ সংগঠন বা ব্যক্তি নাশকতা কিংবা জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সবসময় পাশে থাকবে। যেকোনো প্রয়োজনে থানার দরজা জনগণের জন্য খোলা রয়েছে। পুলিশ জনগণের সেবায় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “থানা এলাকায় কোনো ধরনের সন্ত্রাস, নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা বরদাশত করা হবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

২২ জুন ২০২৬

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.