• শুক্র. আগস্ট ২১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় প্রধান শিক্ষক রবিউল আলমকে বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা

এপ্রিল 12, 2026

মনির মোল্যা,সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার ৩১নং মাঝারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রবিউল আলমের অবসর উপলক্ষে বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ এপ্রিল) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক-শিক্ষিকাবৃন্দের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দীর্ঘদিনের প্রিয় শিক্ষককে বিদায় জানাতে বিদ্যালয় মাঠে জড়ো হন সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয়রা। প্রিয় শিক্ষকের বিদায়ে পুরো আয়োজন জুড়ে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনেক শিক্ষার্থী ও শিক্ষককে অশ্রুসিক্ত চোখে বিদায় জানাতে দেখা যায়, যা অনুষ্ঠানে এক হৃদয়স্পর্শী আবহ তৈরি করে।
অনুষ্ঠানে মাঝারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেহেনা পারভিনের সভাপতিত্বে এবং বড় কাজুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. রবিউল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিশপুট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একেএম ওবায়দুর রহমান, নারানদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন, বিভাগদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান, নিধিপুট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোসাম্মাৎ খুসবু আক্তার, কাউলিকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেব শংকর ব্যানার্জি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাইনুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

সভাপতির বক্তব্যে রেহেনা পারভিন বলেন, “রবিউল আলম সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তিনি শিক্ষার্থীদের শুধু পাঠদানেই সীমাবদ্ধ থাকেননি, বরং তাদের নৈতিকতা ও মানবিক গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর স্নেহ, শাসন ও দিকনির্দেশনা আমাদের সবার কাছে অনুকরণীয় হয়ে থাকবে।” তিনি বিদায়ী শিক্ষকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
অনুষ্ঠান শেষে বিদ্যালয় ও উপজেলা শিক্ষক সমিতির পক্ষ থেকে মো. রবিউল আলমকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়। বিদায়ী বক্তব্যে তিনি সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নতি ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

উল্লেখ্য, মো. রবিউল আলম ১৯৯০ সালের ২৭ মার্চ সহকারী শিক্ষক হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। দীর্ঘ ৩৬ বছরের গৌরবময় শিক্ষকতা জীবন শেষে ২০২৬ সালের ২৬ মার্চ তিনি অবসরে যান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.