• শনি. আগস্ট ৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সড়ক দুর্ঘটনায় সালথা ইসলামী আন্দোলনের সভাপতিসহ দুইজন নিহত

সেপ্টে. 24, 2024

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
মর্মমান্তিক এক সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের সালথা উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা মো. আনিচুর রহমান (৬০) ও কলা ব্যবসায়ী মো. ফারুক সেখ (৪০) নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের সাধুহাটি এলাকায় এ সড়ক দুর্ঘটনায় মারা যান তারা।

নিহত মাওলানা আনিচুর রহমান সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের কামদিয়া গ্রামের মৃত আব্দুর রশিদ মাওলানার ছেলে। তিনি উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ও কামদিয়া রহমানিয়া মহিলা মাদরাসার মুহতামিম ছিলেন। মাওলানা আনিচুর ৫ ছেলে ও এক কন্যাসন্তানের জনক। নিহত অপরজন একই ইউনিয়নের ভাওয়াল গ্রামের মো. পান্নু শেখের ছেলে। তিনি এক মেয়ে ও দুই ছেলের জনক।

কামদিয়া গ্রামের বাসিন্দা ও স্থানীয় সাবেক ইউপি নুর ইসলাম বলেন, মাওলানা আনিচুর রহমান মাদরাসার শিক্ষকতার পাশাপাশি ফারুক সেখের সঙ্গে কলার ব্যবসা করতেন। সোমবার রাত ১২ টার দিকে তারা নিজেদের মালিকাধীন একটি মিনি ট্রাকে করে সালথা থেকে মেহেরপুর কলা আনতে যাচ্ছিলেন। যাওয়ার পথে মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ঝিনাইদহের সাধুহাটি বাজারে তাদের ট্রাকটি পৌছালে সড়কের স্পিড বেকার (বিট) পার হওয়ার সময় সামনে থাকা আরেকটি ট্রাকের পিছনে ধাক্কা লাগে।

এতে ঘটনাস্থলেই তারা দুইজন মারা যান। এ ঘটনায় ট্রাকের ড্রাইভার মতিয়ার রহমান আহত হন। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরো বলেন, নিহত মাওলানা আনিচুর রহমান একজন ভাল মানুষ ছিলেন। তিনি এলাকায় মসজিদ ও মাদরাসা নির্মাণে অনেক অবদান রেখেছেন। তার এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অন্যদিকে তাদের মৃত্যু খবরে পরিবারে শোকের মাতম চলছে।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের পরিদর্শক তানভীর হাসান সাংবাদিকদের বলেন, স্থানীয়দের খবরে ঘটনাস্থলে গিয়ে দেখি দুইজন নিহত হয়েছেন। দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রাকে আহত অবস্থায় একজন আটকা পড়ে ছিল। আহত ব্যক্তিকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ দুটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

২৪ সেপ্টেম্বর ২০২৪

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.