
রাজিউল হাসান পলাশ: ঢাকার ধামরাইয়ের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর রিফফাত আরা’র উচ্চতর শিক্ষা অর্জনের জন্য বিদেশগমন জনিত কারনে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। এসময় হাসপাতালের স্টাফরা আবেগপ্রবণ হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।
শনিবার (১৫ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একাত্তর কনফারেন্স হল রুমে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ডা. নুর রিফফাত আরা ২০১৯ সালের শেষ দিন ৩১ ডিসেম্বর ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্ব গ্রহণ করেন। তিনি অত্যন্ত দক্ষতার সাথে প্রায় সাড়ে চার বছর এ পদে দায়িত্ব পালন করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরাফাত খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলার সদ্য বিদায়ী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুর রিফফাত আরা, দৈনিক খোলা কাগজের ধামরাই প্রতিনিধি রাজিউল হাসান পলাশ, সাংবাদিক সৈকত হোসেন, অত্র প্রতিষ্ঠানের স্টাফ মিজানুর রহমান এবং হাসপাতালের নার্স ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের সিএইচসিপিবৃন্দ। এছাড়াও হাসপাতালের স্টাফরা প্রায় সকলেই তাদের অনুভূতি প্রকাশপূর্বক বক্তব্য প্রদান করেন।
ডা. নুর রিফফাত আরা বিদায়ী বক্তব্যে বলেন, ধামরাইয়ের মানুষ খুবই আন্তরিক, আর এখানকার রাজনৈতিক পরিবেশ আরো ভালো। ফলে সকলকে সঙ্গে নিয়ে সুন্দর ভাবে কাজ করেছি। দায়িত্ব পালনকালে সবাই যেভাবে সহযোগিতা করেছেন সে কারণে তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরো বলেন, ধামরাইয়ের মাটি ও মানুষ আমার অন্তরে সারা জীবন থেকে যাবে।

