
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ আসনে প্রতীক বরাদ্দ পেয়েছেন সাত প্রার্থী।
সোমবার (১৮ ডিসেম্বর) ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আনিসুর রহমান এসব প্রতীক বরাদ্দ করেন।
এতে আওয়ামী লীগ মনোনীত ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমদ নৌকা প্রতীক পেয়েছেন। তার অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স্বতন্ত্র প্রার্থী মোহাদ্দেছ হোসেন পেয়েছেন কাঁচি প্রতীক।
এছাড়া ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বতন্ত্র প্রার্থী এমএ মালেক ট্রাক প্রতীক, জাতীয় পার্টির খান মোহাম্মদ ইসরাফিল লাঙ্গল প্রতীক, বাংলাদেশ সুপ্রীম পার্টির মিনহাজ উদ্দিন একতারা প্রতীক, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আমিনুর রহমান ছড়ি প্রতীক ও এনপিপির রেবেকা সুলতানা পেয়েছেন আম প্রতীক।
বেনজীর আহমদ, এমএ মালেক ও মোহাদ্দেছ হোসেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। দল মনোনয়ন দেয় পুরনো প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য বেনজির আহমদকে। মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হন এমএ মালেক ও মোহাদ্দেছ হোসেন।
- স্থানীয় ভোটারদের মতে, এবারে ঢাকা-২০ আসনে মূল লড়াই হবে বর্তমান সংসদ সদস্য বেনজীর আহমদ ও সংসদ সদস্য হতে উপজেলা চেয়ারম্যানের পদ ত্যাগ করা মোহাদ্দেছ হোসেনের মধ্যে। এগিয়ে রয়েছেন এমএ মালেকও।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
