
রাজিউল হাসান পলাশঃ “মুজিব বর্ষের অঙ্গীকার কৃষি হবে দূর্বার” এই প্রতিপাদ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ও বজ্রপাত থেকে মানুষকে রক্ষায় ধামরাইয়ে তাল গাছের চারা ও বীজ রোপণ করা হয়েছে।
ধামরাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি কর্মকর্তা আরিফুল ইসলামের সভাপতিত্বে এই বীজ রোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী।
ধামরাই উপজেলার ১৬টি ইউনিয়নের ৫০০০ তাল গাছের চারা রোপণের ধারাবাহিকতায় আজকে প্রথম দিনে সোমবার (৩০ আগস্ট২০২১) সকাল ১০ টায় শরীফবাগ এলাকায় ধামরাই কালিয়াকৈর বাইপাস সড়কে ২০০০ তাল গাছের চারা রোপণ করা হয়।
নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন গাছ আমাদেরকে সুশীতল ছায়া দান করে, ভূমির ক্ষয় রোধ করে। পুষ্টিকর ফল ও ঔষধ এর উৎস গাছ। সৌন্দর্যবর্ধন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের ভূমিকা অনস্বীকার্য। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য কোনো দেশের মোট এলাকার অন্তত ২৫% বন এলাকা থাকা উচিৎ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা চেয়ারম্যান জনাব মোহাদ্দেস হোসেন, ধামরাই সদর ইউপি চেয়ারম্যান সাহাবুদ্দিনসহ উপজেলার সকল কৃষি কর্মকর্তাবৃন্দ।
