
রাজিউল হাসান পলাশ: ঢাকার ধামরাই উপজেলার বাসিন্দা যারা বাংলাদেশ সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত রয়েছেন তাদের পরিবার নিয়ে এক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। ধামরাই সরকারি চাকুরিজীবী সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে এই মিলন মেলার আয়োজন করা হয়।
শনিবার (২৩ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের সিতি এলাকার আলাদীন’স পার্কে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (স্পেশাল ব্রাঞ্চ ঢাকায় কর্মরত) শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ বেনজীর আহমদ বলেন, ধামরাই সরকারি চাকুরিজীবী সমবায় সমিতি লিঃ এর সভাপতি বাংলাদেশ পুলিশের উজ্জল নক্ষত্র মোঃ শহীদুল ইসলাম কে ধন্যবাদ জানাই ধামরাইয়ে এমন একটি সংগঠন গড়ে তোলার জন্য। এই অনুষ্ঠানে ধামরাইয়ের প্রায় ৭০ জন কৃতি সন্তান একত্রিত হতে পেরেছেন।
তিনি আরোও বলেন, এই সমিতির মাধ্যমে ধামরাইয়ের উন্নয়ন হয় সে দিকে খেয়াল রাখবেন আপনারা। তিনি জানান খুব শিঘ্রই আমার নিজের উদ্যোগে ধামরাইয়ের সকল সরকারি কর্মকর্তা- কর্মচারীদের তথা ধামরাইয়ের কৃতি সন্তানদের নিয়ে এরকম আরেকটি অনুষ্ঠানের আয়োজন করবো।
অতিরিক্ত পুলিশ সুপার স্পেশাল ব্রাঞ্চ ঢাকা ও ধামরাই সরকারি চাকুরিজীবী সমবায় সমিতি লিঃ এর সভাপতি, মোঃ শহীদুল ইসলাম বলেন, একজন সরকারি কর্মকর্তা পারেন দেশকে উন্নত করতে। আমরা যারা সরকারের বিভিন্ন পদে কাজ করছি যদি সঠিক ও সৎ ভাবে নিজেদের দায়িত্ব পালন করি তা হলে দেশটা খুব দ্রুত উন্নত হবে। আমাদের এ সমিতির উদ্দেশ্য আমরা যার যার অবস্থান থেকে ধামরাইয়ে উন্নয়নের অংশীদার হতে চাই।
অনুষ্ঠানে ধামরাই সরকারি চাকুরিজীবী সমবায় সমিতি লিঃ এর সদস্যদের ছেলে-মেয়ে ও স্ত্রীদের দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, জনাব মোহাম্মদ রেজাউল করিম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজউদ্দিন সিরাজ, সরকারি বিভিন্ন কর্মকর্তাসহ ধামরাই সরকারি চাকুরিজীবী সমবায় সমিতি লিঃ এর সকল সদস্যবৃন্দ।
