
রাজিউল হাসান পলাশঃ ঢাকার ধামরাই পৌরসভার আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন দলের ৪ জন মেয়র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার দপুর থেকে বিকেল পর্যন্ত পর্যায়ক্রমে উপজেলা নির্বাচন কার্যালয়ে তাদের মনোনয়নপত্র জমা নেন জেলা নির্বাচন কর্মকর্তা মো: মুনীর হোসাইন খান।
আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন ধামরাই পৌর আওয়ামীলীগ সভাপতি ও বর্তমান পৌর মেয়র গোলাম কবির, বিএনপির সমর্থনে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন ধামরাই পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র দেওয়ান নাজিমুদ্দিন মঞ্জু, ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আতিকুর রহমান আতিক বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে স্বতন্ত্র থেকে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সমর্থিত প্রার্থী মোহাম্মদ শওকত আলী মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
গত ২২ নভেম্বর ২৫টি পৌরসভার নির্বাচনি তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী ধামরাই পৌরসহ ২৫ পৌরসভায় ২৮ ডিসেম্বর ভোটগ্রহণ করা হবে। এরজন্য মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১ ডিসেম্বর। বাছাই ৩ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহার ১০ ডিসেম্বর।
