• শনি. অক্টো. ১০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে নদীতে ডুবে যাওয়া নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার 

জুলাই 2, 2020


ঢাকার ধামরাইয়ে ঘাসের বোঝা নিয়ে সাঁতার দিয়ে নদী পার হওয়ার সময় বাদল চন্দ্র মনিদাস (৫৫) নামের এক কৃষক নিখোঁজের ১৮ ঘন্টা পর তার লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ৯টা টার দিকে উপজেলার বালিয়া ইউনিয়নের রামরাবন গ্রামে গাজিখালী নদী থেকে নিখোঁজ ওই কৃষকের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তিনি উপজেলার বালিয়া ইউনিয়নের রামরাবন গ্রামের মৃত নিমাই চন্দ্রের ছেলে।

এর আগে বুধবার (১ জুলাই) বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার বালিয়া ইউনিয়নের রামরাবন গ্রামে গাজিখালী নদীতে নিখোঁজ হন তিনি।

ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানান, বিকেলে গরুর জন্য ঘাস কেটে ঘাসের বোঝা নিয়ে গাজিখালি নদী সাঁতার দিয়ে পারপারের সময় স্রোতে ডুবে যান বাদল চন্দ্র। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও মানিকগঞ্জের আরিচা ফেরিঘাট ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌছে উদ্ধারকাজ শুরু করে।

নদীতে স্রোত এবং কচুরিপানা বেশি থাকায় লাশ উদ্ধারে বেশ বেগ পেতে হয়। প্রায় ১৮ ঘন্টা পরে ডুবুরিরা লাশ উদ্ধার করতে সক্ষম হয়। লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

এব্যাপারে কাওয়ালিপাড়া বাজার তদন্ত পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ জানান, নদীতে নিখোঁজ বাদল চন্দ্রের লাশ উদ্ধারের পর ফায়ার সার্ভিস তাদের কাছে হস্তান্তর করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি তার পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি। 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.