মনির মোল্যা,সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় বাড়ির পাশের জলাশয়ের পানিতে ডুবে নাদিয়া নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের মধ্যবালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নাদিয়া ওই গ্রামের মো. মিন্টু বেপারী ও সাজেদা বেগমের মেয়ে।
স্থানীয় বাসিন্দা আব্দুর রাজ্জাক মিয়া জানান, সকালে নাদিয়ার মা বাড়ির উঠানে মেয়েকে রেখে পাশে বাঁশের কঞ্চি কাটছিলেন। এ সময় পরিবারের সদস্যদের অগোচরে নাদিয়া সেখান থেকে সরে বাড়ির পাশের একটি নিচু জলাশয়ের পানিতে পড়ে যায়।
পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ ঘটনায় শিশুটির পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
৭ অক্টোবর ২০২৬
