
একসময় বাস চালিয়ে জীবিকা নির্বাহ করতেন সুমন মণ্ডল। সড়ক দুর্ঘটনায় একটি পা হারানোর পর কর্মক্ষমতা হারিয়ে অসহায় হয়ে পড়েন তিনি। জরাজীর্ণ ঘরে কষ্টে দিন কাটছিল তাঁর।
সুমনের দুর্দশার কথা জানতে পেরে তাঁর পাশে দাঁড়িয়েছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি। সুমন মণ্ডল ঢাকার ধামরাইয়ের কায়েতপাড়া ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
নাজমুল হাসান অভি সুমনের ভাঙাচোরা ঘরটি সংস্কার করে নতুন করে দিয়েছেন। ঘরটি সংস্কারের পর সুমনের পরিবারের মধ্যে স্বস্তি ফিরেছে। নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন দুর্ঘটনায় কর্মক্ষমতা হারানো সুমন।
সুমনের স্বজনেরা বলেন, দুর্ঘটনার পর আয়-রোজগারের পথ বন্ধ হয়ে যাওয়ায় সংসার চালানো তার জন্য কঠিন হয়ে পড়ে। জরাজীর্ণ ঘরে বসবাস করাও হয়ে উঠেছিল দুর্বিষহ। এমন পরিস্থিতিতে ঘরটি সংস্কার করে দেওয়ায় সুমনের পরিবার কিছুটা স্বস্তি পেয়েছে।
সুমন মণ্ডল বলেন, দুর্ঘটনার পর থেকে জীবন অনেকটাই বদলে গেছে। কাজ করতে না পারায় অসহায় অবস্থায় দিন কাটছিল। ঘরটি ভেঙে পড়ার মতো অবস্থায় ছিল। এখন ঘরটি নতুন করে পাওয়ায় তার মনে আবারও আশার সঞ্চার হয়েছে।
নাজমুল হাসান অভি বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। সুমনের দুর্দশার কথা জানতে পেরে তাঁর জন্য কিছু করার চেষ্টা করেছেন তিনি। জরাজীর্ণ ঘরটি সংস্কার করে দেওয়ার মধ্য দিয়ে সুমনের পরিবারকে কিছুটা স্বস্তি দেওয়াই তাঁর উদ্দেশ্য।
ঘরটি সংস্কারের পর সুমনের নতুন করে বাঁচার স্বপ্ন দেখার সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারাও। তাঁরা বলেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ালে অনেক পরিবার নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে। নাজমুল হাসান অভি ধামরাই পৌরসভার মেয়র পদপ্রার্থী।
