• সোম. নভে. ৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ফরিদপুরে স্বপ্ননগরবাসীর দ্বারে দ্বারে এমপি ও ডিসি

আগস্ট 6, 2021

মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধি:

স্বপ্ননগরবাসীর দ্বারে দ্বারে গেলেন এমপি ও ডিসি। ঘটনাটি আজ ৬ আগস্ট, ২০২১ শুক্রবার ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের চর কাতলাসুর গ্রামের। ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেন ও ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার তাদের সাথে দিনটি উপভোগ করেন।
সংসদ সদস্য ও জেলা প্রশাসক সারাদিন কটালেন স্বপ্ননগরবাসীর সাথে। খোজখবর নিলেন বর্তমান জীবনযাত্রার; পরামর্শ দিলেন আগামীর উন্নয়নে। পরে স্বপ্ননগরবাসীর আয়োজনে একটি মতবিনিময় সভায় যোগদেন তারা। এরই মাঝে স্বপ্ননগরবাসীর সন্তানদের পড়ালেখার জন্য একটি বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করেন তারা। বাসিন্দাদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত উপহার সামগ্রী তুলে দেন।

সকাল ৯ টা নাগাদ ফরিদপুর জেলা শহরের জেলা প্রশাসকের বাসভবন থেকে স্বপ্ননগরের উদেশ্যে রওনা দেন জেলা প্রশাসক অতুল সরকার। জেলার আলফাডাঙ্গা থেকে যোগ দেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেন। শহরের সড়ক ছেড়ে সবুজ শ্যামল প্রকৃতি পেরিয়ে গাঁয়ের পথ ধরে এগিয়ে চলেন স্বপ্ননগরের দিকে। পৌছান স্বপননগরে বাসিন্দাদের দ্বারে দ্বারে। তাদের সাথে কথা বলেন। ঘুরে ঘুরে দেখেন তাদের বসত আঙ্গিনায় রোপিত ফলমূল-সব্জি গাছের সমাহার। খোঁজ নেন বাসিন্দাদের সন্তানদের পড়ালেখার। শিল্প সাংষ্কৃতিক বিষয়ে তাদের আগ্রহী করে তুলতে উদ্যোগের কথা জানান। দেশের উন্নয়নের স্রোতে তাদের শামিল করতে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন সংসদ সদস্য ও জেলা প্রশাসক।
ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য হচ্ছে দেশের প্রত্যেকটি পরিবারকে তাঁদের বাসস্থানের নিশ্চিত করা। দেশে কেউ গৃহহীন থাকবেনা। এ লক্ষ্যকে সামনে রেখে আশ্রয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এই প্রকল্পের উপকারভোগীদের দ্বায়িত্ব হচ্ছে তাঁদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলা। তিনি আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদেরকে বাল্যবিয়ে পরিহারসহ সামাজিক উন্নয়নে সচেতন থাকার অনুরোধ জানান। তিনি বলেন, আপনাদের বাসস্থান গড়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। এই আশ্রয়ের পরিবেশকে সুন্দর রাখতে হবে আপনাদেরই। নইলে এর জন্য আপনাদেরই কষ্ট পোহাতে হবে।

এসময় তিনি জেলা প্রশাসক অতুল সরকারকে সাথে নিয়ে আশ্রয়ন প্রকল্পের আওতায় জেলা প্রশাসক উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং আশ্রয়ন প্রকল্পে বৃক্ষরোপণ করেন।

দিকনির্দেশনামূলক বক্তব্যে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, আশ্রয়ন প্রকল্পে যেসব বাসিন্দা তাঁদের সন্তানদের পড়াশুনার প্রতি লক্ষ্য রাখবেন, যারা পরিবেশের উন্নয়নে ভুমিকা রাখবেন তাঁদেরকে বিশেষ সুযোগ-সুবিধা প্রদান করা হবে। এছাড়া তিনি সেখানকার নারীদের সমিতি গড়ে বিভিন্নভাবে স্বাবলম্বী হয়ে উঠার পরামর্শ দেন।

আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান জাহিদ, থানার অফিসার ইনচার্জ মো. ওহিদুজ্জামান, পৌর মেয়র সাইফুর রহমান সাইফার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান আহাদুল হাসান আহাদ বক্তব্য দেন। ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল কবির ও ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী এসময় উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আলফাডাঙ্গার ‘স্বপ্ননগর’ নামের এই আশ্রয়ন প্রকল্পে ২৫০টি ঘর তৈরি করা হয়েছে। এখানে বাসিন্দাদের জন্য স্কুল, খেলার মাঠ, ইকো পার্ক, মসজিদ, ঈদগাহ, মন্দির, কবরস্থান, শ্মশান, প্রস্তাবিত কমিউনিটি ক্লিনিক, হাট, ৩৮টি নলকুপ স্থাপন করা হচ্ছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.