
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
২০১৯ সালের বিদায় বেলায় এবং নতুন বছর ২০২০ সালকে বরণ করতে মঙ্গলবার গভীর রাতে বাংলাদেশের বিভিন্ন স্থানে পালন করা হয়েছে থার্টিফার্স্ট নাইট। অনেকেই নাচ-গান, ভূরিভোজসহ বিভিন্ন উৎসবে মেতেছে সারারাত। তবে এর ব্যতিক্রমভাবে থার্টিফার্স্ট নাইট পালন করেছেন ফরিদপুরের সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার।

মঙ্গলবার গভীর রাতে উপজেলার আটঘর ইউনিয়নের জয়কালী আশ্রয়ণ কেন্দ্রসহ উপজেলার বিভিন্ন এলাকার অসহায়, দরিদ্র মানুষের হাতে তিনি পৌঁছে দেন শীতবস্ত্র।
থার্টিফার্স্ট নাইটের আনন্দ উৎসব বাদ দিয়ে প্রধানমন্ত্রীর প্রেরিত শীতবস্ত্র গভীর রাতে ঘুরে ঘুরে শীতার্তদের মধ্যে পৌঁছে দেয়া হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার একতিয়ার লিটন, ইউএনও অফিসের সিএ রফিকুল ইসলাম সিকদার প্রমুখ।
এলাকাবাসী জানান, সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার তার দায়িত্বের চেয়েও অনেক বেশি সেবা দেন। মানবসেবা সবচেয়ে বড় ধর্ম মনে করে দিন-রাত পরিশ্রম করেন তিনি। তার প্রচেষ্টায় এলাকার শিক্ষা, কৃষি, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে।
এ ছাড়া দরিদ্র মানুষের কল্যাণে তার বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার সর্বস্তরের মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা তিনি জয় করে নিয়েছেন। এলাকার উন্নয়নের স্বার্থে এমন অফিসার খুবই প্রয়োজন।
সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার বলেন, প্রতি বছর নিয়মিতভাবে শীতার্ত অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। তবে এবার থার্টিফার্স্ট নাইটের আনন্দ উৎসব হতদরিদ্রতের ঘরে শীতবস্ত্র পৌঁছে দেয়ার মধ্য দিয়ে পালন করা হয়েছে।
