
মনির মোল্যা,সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলায় মো. রাকিবুল হাসান জুয়েল (৩৪) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলার সালথা সদর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।জুয়েলকে দ্রুত বিচার আইনের একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত রাকিবুল হাসান জুয়েল সালথা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও উপজেলার ভাওয়াল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওহাব মাতুব্বরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দ্রুত বিচার আইনের একটি মামলায় রাকিবুল হাসান জুয়েলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন বলে জানা যায়। মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সালথা সদর বাজার এলাকায় অবস্থানকালে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুলুর রহমান খান জানান, দ্রুত বিচার আইনের একটি মামলায় রাকিবুল হাসান জুয়েল ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
ওসি আরো জানায় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং যেসব আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে তাদের আইনের আওতায় আনতে অভিযান আরও জোরদার করা হবে।
১৭ মার্চ ২০২৬
