
মনির মোল্যা,সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলায় সার ডিলার বাতিল ও পুনর্নিয়োগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় সালথা-নগরকান্দা আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের দৃষ্টি আকর্ষণ করা হয়।
বুধবার (১১ মার্চ) বেলা ১১টায় সালথা উপজেলা পরিষদের সামনে “সালথা উপজেলার সর্বস্তরের জনগণ”-এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলামের কাছে তাদের দাবিসংবলিত একটি লিখিত স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা যুবদল নেতা এনায়েত হোসেন, সোনাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, ছাত্রদল নেতা সাইফুল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করে বলেন, সালথা উপজেলার প্রতিটি ইউনিয়নে সার ডিলার নিয়োগ দেওয়ার কথা থাকলেও নিয়োগ ও সার বিতরণ নীতিমালা যথাযথভাবে বাস্তবায়ন করা হয়নি। নীতিমালা অনুযায়ী প্রতিটি ইউনিয়নে তিনজন করে সার ডিলার থাকার কথা থাকলেও বাস্তবে তা মানা হয়নি বলে তারা দাবি করেন।
মানববন্ধনে বক্তারা চার দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো—
১) এক পরিবারের একাধিক সার ডিলার লাইসেন্স বাতিল করতে হবে, যা নীতিমালার পরিপন্থী।
২) সার ডিলারশিপ সমন্বয়ের মাধ্যমে ইউনিয়নের নাগরিকদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, যা সার ডিলার নিয়োগ ও সার বিতরণ নীতিমালা-২০২৫ এর লঙ্ঘন।
৩) সংশ্লিষ্ট ইউনিয়নের নাগরিকদের নামে সার ডিলার লাইসেন্স প্রদান করে স্থানীয় কৃষকদের সার প্রাপ্তি নিশ্চিত করতে হবে।
৪) আওয়ামী লীগ সরকারের আমলে দেওয়া সব সার ডিলার লাইসেন্স বাতিল করে নতুন করে স্বচ্ছ প্রক্রিয়ায় ডিলার নিয়োগ দিতে হবে।
বক্তারা বলেন, কৃষকদের স্বার্থ রক্ষা ও সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে দ্রুত এসব দাবি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রয়োজন।
১১ মার্চ ২০২৬
