সখীপুরে স্বামীর দায়ের কোপে স্ত্রী নিহত
নিজস্ব প্রতিবেদক:-
টাঙ্গাইলের সখীপুরে স্বামী সোনা মিয়ার দায়ের কোপে স্ত্রী সাহিদা (৪০) আক্তার নিহত হয়েছেন। উপজেলার কৈয়ামধু এলাকায় এ ঘটনা ঘটে।
শনিবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার কৈয়ামধু কারিগর পাড়া দেওবাড়ী জঙ্গল পাশ থেকে পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় স্বামী সোনা মিয়া পলাতক রয়েছেন।
জানা যায়, সোনা মিয়া ও তার স্ত্রী সাহিদা আক্তার জঙ্গলে লাকড়ি কেটে, তা বাজারে বিক্রি করে চলতো তাদের সংসার। প্রতিদিনের মতো শনিবার সকালে স্বামী-স্ত্রী মিলে কারিগর পাড়া দেওবাড়ী জঙ্গলে লাকড়ি কাটতে যান। তাদের সাথে পাশের একজন প্রতিবেশীও ছিলেন। হঠাৎ করে তুচ্ছ ঘটনায় স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সোনা মিয়ার হাতে থাকা ধারালো দা দিয়ে তার স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সাহিদার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য শাহাদত হোসেন ও প্রতিবেশী আলিয়া আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
সখীপুর থানার ওসি মো. রেজাউল করিম বলেন, এ ঘটনায় স্বামী পলাতক রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
