সখীপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল মজুতের মামলায় “ব্যবসায়ীর এক দিনের রিমান্ড মঞ্জুর”
“বাদল হোসাইন সখীপুর” টাঙ্গাইলের সখীপুরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে সংগ্রহের পর মজুতের মামলায় আওয়ামী লীগ নেতাকে কারাগারে পাঠানো ও এক ব্যবসায়ীর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ২২ মার্চ মঙ্গলবার বিকেলে টাঙ্গাইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।
সোমবার দুপুরে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানার নেতৃত্বে পুলিশের একটি দল হাতীবান্ধা ইউনিয়নের কাশেম বাজারের একটি মুদিদোকান থেকে খাদ্য বান্ধব কর্মসূচির ২৬ বস্তা চাল উদ্ধার করে। এসময় পুলিশ মুদিদোকানি বিল্লাল হোসেন (৪০) ও গভীর রাতে খাদ্যবান্ধবের পরিবেশক (ডিলার) উপজেলা আওয়ামী লীগের সদস্য ফাইজুর রহমানকে (৬০) গ্রেপ্তার করে। পরে ওই রাতেই খাদ্য বিভাগের অফিস সহকারী মাসুদ রানা বাদী হয়ে ওই দুজনকে আসামি করে সখীপুর থানায় মামলা করেন।
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. ওসমান গণি জানান, গ্রেপ্তার হওয়া দুই আসামিকে আজ মঙ্গলবার সকালে সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠালে আদালত এক নম্বর আসামি ব্যবসায়ী বিল্লাল হোসেনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন ও আওয়ামী লীগ নেতা ও খাদ্যবান্ধবের পরিবেশক ফাইজুর রহমানকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদার বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির চালের বস্তা যার দোকানে পাওয়া গেছে সে অপরাধী। এখানে ডিলার অপরাধের সঙ্গে সম্পৃক্ত নন। এরপরও রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে আওয়ামী লীগ নেতাকে আসামি করে রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এটা অন্যায়। তদন্ত করে প্রকৃত অপরাধীকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার দাবি জানান তিনি।
