
রাজিউল হাসান পলাশ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ঢাকার ধামরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এসময় তাদের সবাইকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই উপহার দেন আয়োজক।
শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সোমভাগ ইউনিয়নের গোয়ালদী কাশিপুর ঈদ্গাহ মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এ আয়োজন করেন ঢাকা জেলা আওয়ামী যুবলীগের সাবেক সদস্য ও ফজিলাতুন্নেসা স্মৃতি সংসদের সভাপতি আব্দুল লতিফ।
এতে প্রায় তিন শতাধিক শিক্ষার্থীকে ক্রেস্ট, ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই ও ফুল দেওয়া হয়। প্রায় ৫০ জন শিক্ষককেও উপহার হিসেবে বই দেওয়া হয়।
এসময় তিনি কৃতিশিক্ষার্থীদের সাফল্যের প্রতি সন্তুষ্ট হয়ে তাদেরকে আরও অনুপ্রাণিত করার লক্ষে এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে বলে জানান।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমরা আগামীর বিশ্ব। কথায় নয়, সততার সঙ্গে কাজ করে বাংলাদেশকে জয়ী করতে হবে। তোমাদের আকাশছোঁয়া স্বপ্ন নিয়ে এগোতে হবে। মানবিক ও কৃতজ্ঞ মানুষ হতে হবে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত সচিব দেওয়ান আফসার উদ্দিন জিন্নাহ, সরকারি দেবেন্দ্র কলেজ মানিকগঞ্জের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো. শাহজাহানসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এ অনুষ্ঠানে শিক্ষার্থী অভিভাবক শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
