• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

বিএনপি সন্ত্রাস পোষণের নীতি অনুসরণ করছেঃ ওবায়দুল কাদের

ডিসে. 2, 2020


রাজিউল হাসান পলাশ: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দলগত ভাবে সন্ত্রাস পোষনের নীতি তারা (বিএনপি) আজকে অনুসরণ করছে। দলবদ্ধ ভাবে হত্যা আর ষড়যন্ত্রের সেই রাজনীতিতে তারা বিশ্বাসী। এটাই তাদের রাজনীতির ঐতিহ্য।

বুধবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ধামরাই ও সাভারের আশুলিয়ায় ঢাকা-আরিচা মহাসড়কের নয়ারহাট এলাকায় চার লেন বিশিষ্ট সেতু নির্মাণকাজ উদ্বোধন শেষে এসব কথা বলেন মন্ত্রী।

ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ, সড়ক ও জনপথের কর্মকর্তাসহ ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

‘তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে না কি সরকার অন্যায় ভাবে মামলা দিচ্ছে’ বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের এমন অভিযোগের প্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘একদিকে বিএনপির নেতাকর্মীরা সন্ত্রাস সৃষ্টি করবে, জনগণের সম্পদ-শান্তি নষ্ট করবে, বাসে আগুন দিবে, নিজেরা নিজেরা মারামারি করবে। সরকার জনস্বার্থে যখনি ব্যবস্থা নেয় তখন রাজনৈতিক প্রতিহিংসা দিয়ে মোকাবিলা করে। জনগণের সম্পদে আগুন দিবে আবার ব্যবস্থাও নেওয়া যাবে না এর বিরুদ্ধে, এমন মামাবাড়ির আবদার তারা করছে।’

সেতু মন্ত্রী আরো বলেন, ‘অনিয়মের আশ্রয় নিলে আমরাতো আমাদের দলীয় নেতাকর্মী এমনকি জনপ্রতিনিধিদেরও ছাড় দিচ্ছি না। অপরাধ করলে পক্ষ নিচ্ছি না, প্রশ্রয় দিচ্ছি না। অথচ বিএনপি অনুসরণ করছে সন্ত্রাস পোষনের নীতি। দলগত ভাবে সন্ত্রাস পোষনের নীতি তারা আজকে অনুসরণ করছে। দলবদ্ধ ভাবে হত্যা আর ষড়যন্ত্রের সেই রাজনীতিতে তারা বিশ্বাসী। এটাই তাদের রাজনীতির ঐতিহ্য। তারা নিজ নিজ দলের অপরাধীদের লালন করে। তাদের আমলে কোন দলীয় অপরাধীদের বিচার হয়নি, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে চাই। অথচ সুবিধাবাদ জিন্দাবাদে বিশ্বাস করে বলে দুর্নীতিবাজদের দলের প্রশ্রয় দেয়। অপরাধী এবং দুর্নীতিবাজ তোষননীতি বিএনপি গ্রহণ করেছে তাদের গঠনতন্ত্র পরিবর্তনের মাধ্যমে।’

‘গঠনতন্ত্র থেকে তারা রাতের অন্ধকারে এক কলমের খোঁচায় ৭ ধারা বাতিল করলো। যে সাত ধারায় বলা আছে, চিহ্নিত দুর্নীতিবাজরা তারা বিএনপির নেতা হতে পারবে না, জনপ্রতিনিধি হতে পারবে না, দন্ডিত ব্যক্তিরা বিএনপির নেতা হতে পারবে না, যে কোন মাদকসেবী ও দেউলিয়া ব্যক্তি নেতা হতে পারবে না। এই সাত ধারা বাতিল করলো। তার মানে তারা নিজেরাই আত্মস্বীকৃত দুর্নীতিবাজ দল। এটাই তারা প্রমাণ করেছে।’

মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি মহাসচিব বলেছেন, খালেদা জিয়াকে না কি অন্যায় ভাবে বন্দী করে রাখা হয়েছে। জেনে বুঝে-শুনে কেন মিথ্যাচার করছেন। সরকার বেগম জিয়ার বিরুদ্ধে মামলাও দেয়নি, সাজাও দেয়নি। মামলা করেছে তত্বাবধায়ক সরকার। সাজা দিয়েছে বাংলাদেশের স্বাধীন আদালত। বরং শেখ হাসিনাই বেগম জিয়ার প্রতি সদয় হয়ে দুইবার সাজা স্থগিত করেছেন। বিএনপি এমন একটি দল, তাদের কৃতজ্ঞতাবোধ নেই। ’

‘তারা নিজেরা কিছু করতে পারেননি নিজেদের নেতৃর জন্য। দেখবার মতো একটা বিক্ষোভও করতে পারেননি। আর শেখ হাসিনা মানবিক কারণে তার পরিবার-পরিজনের অনুরোধে তাকে অাজকে সাজা স্থগিত করে মুক্তি দিয়েছেন। সে জন্য তাদের কৃতজ্ঞতাবোধটুকুও অাছে সেটা তাদের কথাবার্তায় মনে হয় না।’

‘বিএনপি সরকারের উন্নয়নের বিরোধিতা করে যাচ্ছে। তাইতো জনগণ তাদের কথায় এখন আর সায় দেয় না। তাদের আন্দোলনের ডাক আষাড়ের তর্জন-গর্জনের মতোই স্বাদ।’

প্রসঙ্গত, ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার, সালেহপুর ও নয়ারহাট এলাকায় তিনটি সেতু নির্মাণ প্রকল্পের আজ নয়ারহাটে একটি চার লেন সেতুর নির্মাণকাজ উদ্বোধন করা হলো। ১৯৩.৩০ মিটার দৈর্ঘ্যের ও ১৯.৪০ মিটার প্রশস্ত সেতুর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১০৫.৭৩ কোটি টাকা। জিওবি’র অর্থায়নে ২০২২ সালের ৩১ অক্টোবরের মধ্যে নির্মাণকাজ সম্পন্নের সময়সীমা দেয়া হয়েছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments