(
রাজিউল হাসান পলাশ, ধামরাই: ঢাকার ধামরাই পৌরসভায় চুরি-ছিনতাই ও বিভিন্ন প্রকার অপরাধ কমাতে বাজার সড়কে স্ট্রিট লাইট, ধামরাই যাত্রাবাড়ী হতে শরিফবাগ বেইলি সেতু পর্যন্ত দেড় কিলোমিটার সড়কটি সংস্কারসহ উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হয় বুধবার বিকেলে।
ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবিরের তত্ত্বাবধানে ধামরাই যাত্রাবাড়ি এলাকায় এসব উন্নয়নমূলক কাজের ফলক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য বেনজীর আহমদ।
উদ্বোধনকালে সংসদ সদস্য বলেন, ধামরাই পৌরবাসিদের সুবিধার্থে পৌর মার্কেট তৈরী করে রাস্তা হতে কাঁচাবাজারের দোকান সমূহ মার্কেটে নেওয়ার ব্যবস্থা করা হবে। মেয়র গোলাম কবির তার ১২জন কাউন্সিলর নিয়ে সুন্দর ও সুষ্ঠুভাবে পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনার দুর্যোগের মধ্যেও উন্নয়নমূলক কাজ অব্যাহত রেখেছেন।
এ সময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন ও পৌরসভার ১২জন কাউন্সিলরসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
