
ধামরাইয়ের কালামপুর-বাটুলিয়া সড়কে কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ৩৩ জন পরীক্ষার্থী বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এ ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছে।
আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ধামরাইয়ের বাটুলিয়া লুকাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে। ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা তথ্যটি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, আশুলিয়ার ইউনিক ও বাইপাইল এলাকার ৩টি স্কুল থেকে ৩৩ জন এসএসসি পরীক্ষার্থীসহ কয়েকজন শিক্ষক ও অভিভাবক নিয়ে একটি বাস ধামরাইয়ের কুশুরিয়া আব্বাস আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে যাচ্ছিল।
পথে বাটুলিয়া এলাকায় বাসটির সামনের ডান পাশের চাকা ফেটে যায়। এতে বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে পরীক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ অন্তত ১০ জন আহত হন। পরে পুলিশ ও স্থানীয়রা গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
পরীক্ষার্থীরা সবাই ধামরাইয়ের কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পরীক্ষার্থী।
