রাজিউল হাসান পলাশঃ ঢাকা জেলার ধামরাই উপজেলার অসহায় দরিদ্র মানুষকে কম্বল দিয়েছে বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান রুপসী উন্নয়ন সংস্থা।
শনিবার (২৮ জানুয়ারি) ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের কাওয়ালিপাড়া বাজার এলাকার রুপসী উন্নয়ন সংস্থার কাওয়ালিপাড়া শাখায় সংস্থার চেয়ারম্যান মোঃ আবু সাঈদের সভাপতিত্বে গাঙ্গুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান কাদের মোল্লা প্রধান অতিথি হিসেবে থেকে এ কম্বল বিতরণ করেন।
সংস্থাটি আজ প্রায় পাঁচ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করে, এর আগে চলতি মাসের ১৮ তারিখে সংস্থার প্রধান কার্যালয়ে সহস্রাধিক কম্বল বিতরণ করা হয়েছে এবং পর্যায়ক্রমে সাড়ে তিন হাজার কম্বল বিতরণ করবে বলে জানান সংস্থাটির নির্বাহী পরিচালক মোঃ সেলিম হোসেন প্লাবন।
সংস্থার কর্মকর্তাদের বরাত দিয়ে জানা যায়, রুপসী উন্নয়ন সংস্থা যাত্রা শুরু করে ২০১০ সালে, সে সময় থেকে শুরু করে আজ অবধি আর্থিক ঋন এর পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণ করে সংস্থাটি। করোনায় বিনামূল্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও খাদ্যসামগ্রী বিতরণ, বন্যায় বন্যার্তদের বিনামূল্যে খাদ্যসামগ্রী বিতরণ, ঈদে অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও নতুন পোশাক ধারাবাহিকভাবে বিতরণ করে সংস্থাটি।
অনুষ্ঠানের প্রধান অতিথি গাঙ্গুটিয়া ইউপি চেয়ারম্যান কাদের মোল্লা বলেন, অসহায় মানুষের পাশে দাড়ানো নিঃসন্দেহে একটি মহান কাজ। মাননীয় প্রধান মন্ত্রীর হাতকে শক্তিশালী করতে অর্থনীতিতে অবদান রাখছে রুপসী উন্নয়ন সংস্থা। এই সংস্থার সার্বিক সফলতা কামনা করছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংস্থার নির্বাহী পরিচালক সেলিম হোসেন প্লাবন, সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম সবুজ, আব্দুল্লাহ আল মামুন। এসময় রুপসী উন্নয়ন সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
