• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

করোনাভাইরাস সংক্রমণ রোধে বোয়ালমারীতে পুলিশের উপর আওয়ামীলীগ নেতার হামলা আহত ৮

এপ্রিল 4, 2020

করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারের নির্দেশনা বাস্তবায়ন করতে গিয়ে ফরিদপুরের বোয়ালমারীতে পুলিশের উপর হামলা করেছে এক আওয়ামীলীগ নেতা। এতে পুলিশের উপ-পরিদর্শকসহ গুরুতর আহত হয়েছেন ৮ পুলিশ সদস্য।

আমীর চারু, বোয়ালমারী(ফরিদপুর) প্রতিনিধিঃ বোয়ালমারী উপজেলার ময়েনদিয়া বাজারে শনিবার দুপুর ১২টায় বোয়ালমারী থানা পুলিশ ও ডহরনগর পুলিশ ফাঁড়ির একটি টহলদল সরকারি নির্দেশনা বাস্তবায়নে দোকানপাট বন্ধ করতে গেলে বাঁধ সাধে পরমেশ্বরদী ইউনিয়ন আ’লীগের সদস্য ও ময়েনদিয়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মাতুব্বর। এসময় পুলিশ সরকারি দায়িত্বে বাঁধা না দেয়া ও সামাজিক নিরাপদ দুরত্ব বজায় রাখার অনুরোধ জানিয়ে দোকানপাট বন্ধের সরকারি নির্দেশনা বাস্তবায়ন করতে গেলে আব্দুল মান্নান মাতুব্বর ও তার ভাই পরমেশ্বরদী ইউনিয়নের ১ ওয়ার্ড আ’লীগের সভাপতি মো. সিদ্দিকুর রহমান মাতুব্বরের নেতৃত্বে প্রায় ৫০/৬০ জনের একটি সন্ত্রাসীদল পুলিশের উপর ইটপাটকেল ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে ডহরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক পিযুশ বৈরাগী, কনস্টেবল জালাল উদ্দিন ও মো. ফরহাদ হোসেন গুরুতর আহত হয় এবং টহল দলের সকলেই কমবেশি আঘাতপ্রাপ্ত হয়। তারা বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ময়েনদিয়া বাজারের একাধিক ব্যবসায়ী বলেন, আব্দুল মান্নান ও তার ভাই সিদ্দিকুর রহমান আমাদের নিকট থেকে পুলিশের কথা বলে টাকা নিয়ে দোকান খোলা রাখার নির্দেশ দেয়। পুলিশ দোকান বন্ধ করতে গেলে এ অনাকাঙ্খিত ঘটনা ঘটে।

আহত কনস্টেবল মো. ফরহাদ হোসেন জানান, দোকানপাট বন্ধ করতে গেলে অনেক ব্যবসায়ী বলেন, দোকান খোলা রাখতে পুলিশ ও প্রশাসনকে ম্যানেজ করার কথা বলে আব্দুল মান্নান মাতুব্বর ও সিদ্দিক মাতুব্বর দোকানিদের কাছ থেকে টাকা নিয়েছেন। তাই আমরা সরকারি নির্দেশনা বাস্তবায়ন করতে গেলে ব্যবসায়ীদের রোষানলে পড়ি।

আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান মাতুব্বরের (০১৭১৬-৪০২৬৪৮) মোবাইলে একাধিকবার ফোন করেও তা বন্ধ পাওয়া যায়। তবে তার ভাই সিদ্দিক মাতুব্বর মুঠোফোনে বলেন, আমি এ ঘটনা সম্পর্কে কিছুই জানি না। ব্যবসায়ীদের নিকট থেকে টাকা নেয়ার বিষয়টি সঠিক নয়।

বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করতে গিয়ে যারা পুলিশের উপর হামলা চালিয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সে যত বড় ক্ষমতাশালী ব্যক্তিই হোক না কেন।

সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো. আলিমুজ্জামান ও
বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments