
রাজিউল হাসান পলাশঃ বাড়ছে সেবার বহর, গ্রাম হবে শহর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এটুআই প্রোগ্রাম ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আয়োজনে সারা দেশের মত মানিকগঞ্জের আটিগ্রাম ইউনিয়ন ডিজিটাল সেন্টারে মাসব্যাপী মুজিব শতবর্ষ ই-সেবা ক্যাম্পেইন শুরু হয়েছে।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২০) সকালে আটিগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নূর এ আলম সরকারের সভাপতিত্বে অনলাইনে মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
ই-সেবা ক্যাম্পেইনে জানানো হয় বর্তমানে আটিগ্রাম ডিজিটাল সেন্টার থেকে প্রায় ২৭০ ধরনের সরকারি বেসরকারি নাগরিক সেবা প্রদান করা হচ্ছে। যার মধ্যে উল্লেখযোগ্য পাসপোর্টের আবেদন ও ফি জমা, পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন ও ফি জমা, ভ্যাট ও টিন নিবন্ধন, ড্রাইভিং লাইসেন্স আবেদন, পন্য ক্রয়/বিক্রয়, নতুন ভোটার হওয়ার আবেদন, জাতীয় পরিচয় পত্রের আবেদন ও সংশোধন, হজ্ব প্রাক নিবন্ধন, মেডিকেল ভিসা, ডাক্তারের এপেয়েন্টমেন্ট, বিদেশ গমনেচ্ছু কর্মীদের অনলাইন রেজিস্ট্রেশন, চাকুরীর আবেদন, জন্ম-মৃত্যু নিবন্ধন আবেদন, বাস-লঞ্চ-ট্রেন-বিমান টিকেট সার্ভিস, বিদ্যুৎ বিল গ্রহণ ইত্যাদি।
আটিগ্রাম ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা আনোয়ার হোসেন রানা সময় নিউজকে জানান, মুজিব শতবর্ষ ই-সেবা ক্যাম্পেইনের মাধ্যমে ডিজিটাল সেন্টারের ই-সেবাসমূহকে আরো সহজে নাগরিকদের কাছে সহজেই পৌছে দেয়া, ডিজিটাল সেন্টারের প্রচার ও আয় বৃদ্ধিতে সহায়ক হবে।
