
রাজিউল হাসান পলাশঃ ঢাকার সাভার আশুলিয়া ও ধামরাইয়ে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অনুমোদনহীন ৭ টি ইটভাটায় অভিযান চালিয়ে মোট সাড়ে ৮ লাখ টাকা অর্থদণ্ড ও একটি ইটভাটা বন্ধ করে দেয়া হয়েছে।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সাভারের আমিনবাজার ইউনিয়নের আমিনবাজার, আশুলিয়ার শিমুলিয়া ও ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের ডাউটিয়া এলাকায় এসব অভিযান চালানো হয়।
সাভারের আমিনবাজারে অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: নাহিদুর রহমান, আশুলিয়ায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন এবং ধামরাইয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদের নেতৃত্বে সোমভাগ ইউনিয়নের ডাউটিয়ায় অভিযান চালানো হয়।
এ সময় সাভারের আমিনবাজারের সোনার বাংলা ব্রিকসকে ১লাখ টাকা অর্থদণ্ড ও এএসএম কোম্পানি কোং’কে পুরোপুরি বন্ধ করে দেয়া হয়। অপরদিকে আশুলিয়ার শিমুলিয়া এলাকায় পল্লি ব্রিকস, এবিসি ব্রিকস ও মোল্লা ব্রিকসকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া তাদের কার্যক্রম বন্ধ করা হয়।
এছাড়া ধামরাইতে ইউএসবি ব্রিকসকে ২ লাখ ও পদ্মা ব্রিকসকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়। এসময় দুইটি ইটভাটারই একাংশ ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়।
উপজেলা প্রশাসন জানায়, পরিবেশ দূষণ ও অবৈধভাবে পরিচালিত ইটভাটাগুলো বন্ধে অভিযান চালানো হয়েছে। হাইকোর্টের নিয়ম অনুযায়ী যেসব ইটভাটার প্রয়োজনীয় কাগজপত্র নেই সেসব ভাটা বন্ধের নির্দেশ রয়েছে। তাই অভিযানের মাধ্যমে সেগুলো বন্ধ করে দেয়া হচ্ছে।
অভিযানে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সদস্যসহ ফায়ার সার্ভিসের কর্মিরা উপস্থিত ছিলেন।
