
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় নানা আয়োজনে শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ইং পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে (১৪ ডিসেম্বর) রবিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটির শুরুতে সকাল ৯টায় উপজেলার বল্লভদী ইউনিয়নের কেশরদিয়া গ্রামে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ জাদুঘরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর পর্যায়ক্রমে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, সালথা থানা, অফিসার্স ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা পুষ্পস্তবক অর্পণ করে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলু রহমান খাঁন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মাতুব্বর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা সহকারী প্রোগ্রামার (আইসিটি) টিপু সুলতান প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, ১৪ই ডিসেম্বর পৃথিবীর ইতিহাসের এক কালো অধ্যায়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে বাঙালি বুদ্ধিজীবী নিধন বাংলাদেশের ইতিহাসে নৃশংসতম ও বর্বরোচিত হত্যাযজ্ঞ। জাতি যখন বিজয়ের খুব কাছে সেই সময় পাকিস্তানি বাহিনীর সহযোগিতায় রাজাকার, আলবদর, আলশামস বাহিনী দেশের শ্রেষ্ঠ সন্তানদের ধরে ধরে হত্যা করে। ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। বাঙালি শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদগণ এই সুপরিকল্পিত হত্যাযজ্ঞের শিকার হন।
১৪ই ডিসেম্বর ২০২৫
