সখীপুরে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত
“বাদল হোসাইন”
টাঙ্গাইলের সখীপুরে যাত্রীবাহী বাসচাপায় আবদুল করিম (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। রোববার দুপুরে সখীপুর-সাগরদীঘি সড়কের কচুয়া পেট্রলপাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুল করিম ওই এলাকার একুন আলীর ছেলে। তিনি চাতালকলের শ্রমিক ছিলেন।
স্থানীয়রা জানায়, আবদুল করিম সখীপুর থেকে বাড়ি ফেরার পথে সখীপুর-সাগরদীঘি সড়কের কচুয়া পেট্রলপাম্প এলাকায় সিএনজিচালিত অটোরিকশা থেকে নেমে সড়ক পার হচ্ছিলেন। এ সময় চন্দ্রা থেকে সাগরদীঘিগামী একটি যাত্রীবাহী বাস তাঁকে পেছন থেকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তিনি মারা যান।
সখীপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) গোলাম রাব্বানী বলেন, যাত্রীবাহী বাসটিকে আটক করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইলে পাঠানো হবে।
