জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাওয়ার পথে ফিনল্যান্ডে যাত্রা বিরতি করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার, ১৭ সেপ্টেম্বর স্থানীয় সময় বিকাল ৩টা ৩৭ মিনিটে হেলসিঙ্কি ভানতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
এর আগে আজ সকাল ৯টা ২৩ মিনিটে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৯০১ ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন। হেলসিঙ্কিতে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সফরকালীন আবাসস্থল হেলসিঙ্কির হোটেল ক্যাম্পে যান।
রোববার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৪ টায় (হেলসিঙ্কি সময়) হেলসিঙ্কি থেকে নিউইয়র্কের উদ্দেশে রওয়ানা হবেন তিনি। একই দিন স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
২০২০ সালের ফেব্রুয়ারিতে ইতালি সফরের দেড় বছর পর এটি প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর। প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন এবং সেখানে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সরকারি সফরের অংশ হিসেবে ১৯ থেকে ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে অবস্থান করবেন। নিউইয়র্কে অবস্থানকালে শেখ হাসিনা ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সদর দপ্তরে সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে ভাষণ দেবেন। ১৯৭৪ সালে জাতিসংঘে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের অনুসরণ করে প্রধানমন্ত্রী বিগত বছরগুলোর মতো এবারও বাংলায় ভাষণ দেবেন।
