
মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধি:
ফরিদপুর পৌরসভার নব-নির্বাচিত মেয়র আ.লীগ নেতা অমিতাভ বোস বলেছেন, পৌরসভা হবে নাগরিকদের সেবার আশ্রয়স্থল। একই সাথে নাগরিকরা যেন মেয়রের কাছে মন খুলে কথা বলতে পারে এবং তাদের সমস্যার সমাধান পায় সে ব্যাপারে আমার আন্তরিকতার সাথে কাজ করা হবে। রবিবার সকালে ফরিদপুর পৌরসভা চত্বরে ফরিদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণের অনুষ্ঠানে নব-নির্বাচিত মেয়র অমিতাভ বোস উল্লেখিত কথাগুলো বলেন।
আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন পৌরসভা মেয়র নির্বাচিত করেছেন তার মর্যাদা আমি রক্ষা করতে সচেষ্ট থাকব। তিনি ফরিদপুর পৌরসভা-কে জনগণের নিজস্ব পৌরসভা মনে করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন সবাই মিলে একসাথে কাজ করলে পৌরসভা কে দেশের মধ্যে এক নম্বর অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব। তিনি পৌরসভা পরিচালনার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শাহজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ শামসুল হক ভোলা, ফরিদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি সুবল চন্দ্র সাহা, পৌরসভার বিদায়ী মেয়র শেখ মাহাতাব আলী মেথু, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্না হাসান, মাসুদুল হক, মহিলা আওয়ামী লীগের সদস্য সচিব আইভি মাসুদসহ নেতৃবৃন্দ। আনুষ্ঠানিকভাবে বিদায়ী মেয়র নতুন মেয়রের কাছে দাপ্তরিক কাগজপত্রসহ দায়িত্ব হস্তান্তর করেন। এসময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও ব্যক্তিবৃন্দ নতুন মেয়র-কে ফুলেল শুভেচ্ছা জানান।
