
মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধি:
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নগরকান্দা পৌরসভার নবনির্বাচিত মেয়র নিমাই চন্দ্র সরকারের স্ত্রী, ছেলেসহ তিন জন নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের কালিয়ার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিন জন হলেন- পৌর মেয়রের স্ত্রী সঞ্চিতা সরকার (৩৮), ছেলে গৌরব সরকার (২৩) ও নগরকান্দা পৌর যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল মাতুব্বর (৩৮)।
এতে গুরুতর আহত হয়েছেন মেয়র নিমাই চন্দ্র সরকারসহ ১০ জন। আহত মেয়রকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, পৌর মেয়র নিমাই চন্দ্র সরকার, তার স্ত্রী সঞ্চিতা সরকার, ছেলে গৌরব সরকার, যুবলীগ নেতা কামাল মাতুব্বরসহ আরও কয়েকজন মাইক্রোবাসযোগে ভাঙ্গা উপজেলায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে নগরকান্দায় নিজ বাড়িতে ফিরছিলেন। পথে কাইচাইল ইউনিয়নের কালিয়ার মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা চট্টগ্রামগামী যাত্রীবাহী জি এফ পরিবহনের (খুলনা মেট্রো-ব -১১-০১০৭) একটি বাসের সঙ্গে তাদের মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সঞ্চিতা সরকার ও কামাল মাতুব্বর নিহত হন। আহত নিমাই সরকার ও তার ছেলে গৌরব সরকারকে গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে গৌরব মারা যান।
পৌর মেয়র নিমাই সরকারকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য এয়ার এ্যাম্বুলেন্সে ঢাকা নিউরো সায়েন্স হসপিটালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, মাইক্রোবাস ও বাসের মুখোমুখি সংঘর্ষে পৌর মেয়রের স্ত্রী, ছেলেসহ তিন জন মারা গেছেন। পৌর মেয়রের অবস্থা আশঙ্কাজনক।
