
ঢাকা জেলার ধামরাই উপজেলায় অবস্থিত ২ টি ইটভাটা ও ২ টি ব্যাটারি তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১৫ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন।
আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) পরিবেশ অধিদপ্তরের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ব্যাটারি তৈরি কারখানা ও ইটভাটা মালিকদের এ অর্থদণ্ড করা হয়।
পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ঢাকা-আরিচা মহাসড়কের পাশের বিভিন্ন এলাকায় গড়ে ওঠা ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের সনদ না থাকার অভিযোগের ভিত্তিতে উপজেলার ডাউটিয়া এলাকার ২টি ইটভাটায় ও জয়পুরা ১টি ও বেলিশ্বর এলাকায় ১ টি ব্যাটারি তৈরি কারখানায় অভিযান চালানো হয়।
অভিযানে পরিবেশ সুরক্ষা আইনের বিভিন্ন ধারায় লাকি ব্রিক্সের মালিক আলতাফ হোসেনের ৬ লক্ষ টাকা, প্রিয়াঙ্কা ব্রিকসের মালিক আবদুল সরদারের ৬ লক্ষ টাকা, আরগাছ মেটাল প্রাইভেট লিমিটেডকে ২ লক্ষ টাকা, জিয়াং জু ব্যাটারি কারখানাকে ১ লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
