
মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধি:
শনিবার (২৩ জানুয়ারি) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘আশ্রয়ণ প্রকল্প-২’ এর উদ্বোধন করেছেন। এর আওতায় সারাদেশে প্রায় নয় লাখ মানুষকে জমিসহ পাকা ঘর করে দেয়ার প্রক্রিয়া চলমান। ইতোমধ্যে প্রথম পর্যায়ে প্রায় ৭০ হাজার বাড়ি নির্মাণ সম্পন্ন হয়েছে।
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় উপস্থিত থেকে জমিসহ পাকা ঘর বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন স্থানীয় সাংসদ ও বাংলাদেশ জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির পুত্র কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী। এসময় তিনি বলেন, একযোগে প্রায় ৭০ হাজার গৃহহীন পরিবারকে ভূমিসহ বাড়ি করে দিয়ে পৃথিবীতে এক অনন্য নজির স্থাপন করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদেরকে নতুন জীবনের স্বপ্ন দেখিয়েছেন তিনি, দিয়েছেন বেঁচে থাকার অবলম্বন। এটি পৃথিবীর ইতিহাসে মানবতা ও অধিকার প্রতিষ্ঠায় দৃষ্টান্ত হয়ে থাকবে। এসময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির নেতৃত্বে এলাকাকে আরো সুন্দর ও বসবাস উপযোগী করে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান লাবু চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফি উদ্দিন, নগরকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান সরদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতি প্রু প্রমুখ।
